বাবাক আনভারির বিখ্যাত চলচ্চিত্র নিয়ে কথা তুললেন - রিয়া চক্রবর্তী
- Feb 1, 2021
- 3 min read
"একটা সময় ছিল যখন আমি খুব ভাবতাম..."
('2+2=5, Two plas two equals five') নামের ছোট্ট একটা ছবি নিয়ে অল্প কিছু কথা) ।।

রিয়া চক্রবর্তী
"বন্দুকের নলের সামনে
মানুষকে হামাগুড়ি দিতে বাধ্য করে ওরা।
কবরের সামনে নিয়ে গিয়ে গুলি করে ফেলে দেয়
আর পা দিয়ে
মাটি চাপা দিতে থাকে।
রাস্তার পাশের দেওয়ালগুলি
রক্তে ভিজে যায়
যেহেতু মানুষগুলি জবাব চেয়েছিল।"
'ওরা' কারা বলুন তো? মানচিত্রের কোন্ সীমান্তে থাকে 'ওরা'? কেন মানুষকে এভাবে প্রশ্নের বিনিময়ে মৃত্যু ছুঁড়ে দেয়? প্রশ্নগুলোও কী সত্যি সত্যি কবরে চলে যায়, বুলেট বেঁধা মানুষগুলোর সাথে? হয়তো যায় না! যায় না হয়তো... যদি যেত, তাহলে এই লেখা লিখতে হতো না। বাবাক আনভারি-কেও এমন একটা ছ'মিনিট তিপ্পান্ন সেকেন্ডের ছবি বানাতে হতো না। ছবির নাম '2+2=5'
ক্ষমতার উগ্রতার যেমন কোনও দেশ হয় না, বিপ্লবেরও তেমন কোনও সীমাবদ্ধ ভাষা হয় না। এই ছবি তাই কোন্ দেশের কথা বলছে, সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটাই যে এ আমাদের বড্ড চেনা একটা ছবি। যখন আমরা প্রতিদিন রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে আছি, যখন গণতন্ত্র জেলে পচে মরছে, যখন মানুষের থেকেও বড় হয়ে ওঠে তার ধর্ম, তার দল, তখনই তো এইসব ছবির জন্ম হয়।
একটা ক্লাসরুমের মধ্যেই গোটা গল্পটা ধরে যায় তার বিশ্বব্যাপী ক্ষোভকে সঙ্গে নিয়ে। ক্লাস শুরুর আগে হেডস্যারের ভাষণ, নাকি নিদান ভেসে আসে জানি না, তবে জানি এই সুরে কারা যেন জাতির উদ্দেশ্যে থেকে থেকেই কথা বলে ওঠে রেডিও-র ওপার থেকে। বড় হতে হতে ক্রমে বুঝেছি এসব কথা কেবলই কথার কথা (কেবলই মিথ্যে কথা)। যাঁরা এসব কথার বিরুদ্ধে তথ্য প্রমাণসহ মুখ খোলে, তাঁরা সবাই একদিন হঠাৎ হারিয়ে যায়। আবার দিন ঘুরে আসে। ভাষণ শুরু হয়। মিডিয়া বিকোয়, মানুষ বিকোয়, সাধুর বেশে সঙ্ঘ বিকোয় আর বিকোয় ভয়। সব সময় নজর রাখছে কেউ আমার প্রতিদিনের চর্চায়। 'ওরা' ইতিহাসকে ভেঙে নতুন অবয়ব দিচ্ছে, 'ওরা' দেশের নতুন সংজ্ঞা দিচ্ছে, 'ওরা' মাটি খুঁড়ে আল্লা আর ঈশ্বরের মোরগ লড়াই দেখছে। আর অসংখ্য লাশ ভেসে যাচ্ছে বুকে প্রশ্নচিহ্ন বেঁধে। ছাত্রসমাজকে 'ওরা' ভয় পাচ্ছে। 'ওরা' ইউনিভার্সিটিতে ঢুঁ মেরে দেশদ্রোহী খুঁজছে। সাহিত্য, শিল্পের কণ্ঠরোধ করতে চাইছে। সারাদিন মিডিয়ায় চোখ রাখলে, কান পাতলে আপনি খুঁজে পাবেন বানানো গপ্পের অন্তহীন এপিসোড আর মগজধোলাইয়ের ঘন্টাখানেকের কোনো শো। আপনার ভাবনাকে 'ওরা' এভাবেই আফিমে চুবিয়ে রাখছে। ধনতেরাসে মগ্ন আপনি এতদিনে ভুলে গেছেন লক্ষ্মী আর কুবেরের অবস্থানগত পার্থক্য। ভুলেছেন জন্মদিনের পায়েস, ভুলেছেন আপ্রাণ নিজের ঐতিহ্যকে। অথচ এমন এক শিকড়হীন, অতীতবিহীন বর্তমানে দাঁড়িয়ে এতটুকুও কষ্ট হচ্ছে না আপনার, দম আটকে আসছে না একটুও। 'খান' বলতে আমির - শাহরুখ - সালমনকে পেরিয়ে ক'জন কাফিল খানকে মনে রেখেছে বলুন তো? কেন শিশুদের বাঁচানোর বিনিময়ে তাঁকে জেলে যেতে হয় - এ প্রশ্ন তুলেছেন ক'জন? ক'জন আমরা খোঁজ রেখেছি গুলি খাওয়া সৎ সাংবাদিক, কিংবা মাথা না-বিকোনো কোনও কবির, অথবা আন্তর্জাতিক সেমিনারে দেশের আসল অবস্থা তুলে ধরার অপরাধে বন্দি নব্বই শতাংশ দৈহিকভাবে পঙ্গু কোনও অধ্যাপকের? কেন এসব বলছি? কারণ আমরাও মানুষ থেকে ক্রমে তোতাপাখি হয়ে যাচ্ছি। দাঁড়ে বসে ঘাড় নেড়ে নেড়ে যোগ করছি দুইয়ের সাথে দুইকে। তারপর প্রবল উল্লাসে পাঁচকে খুঁজে পাচ্ছি আজীবন। কিন্তু বিশ্বাস করুন এরম যদি চলে তবে খুব নিকট কোনও ভবিষ্যতে আমাদের সন্ততিরা জানবেই না যে দুইয়ের সঙ্গে দুই যোগ করে চার পাওয়ার হক্ তাদের ছিল। কোথাও কোনও সূত্র ছিলো যা আপামর মানুষের জন্য খাটে। রাষ্ট্র ভেদে যার বদল ঘটে না। আসলে এই ছবি মনে করিয়ে দেয় হীরক রাজ্যের উদয়ন পণ্ডিতের পাঠশালাকে। ফুলকিগুলোকে ছত্রভঙ্গ করলেই যে বিপ্লব থামানো যায় না, তারা চুপিচুপি দাবানল বয়ে আনে, রাষ্ট্র এ কথা আমাদের ভোলাতে চাইছে সর্বক্ষণ। কিন্তু উদয়নরা যদি ভয় পায়, উদয়নদের বিবেক যদি বিকিয়ে যায় তবেই তৈরি হবে '2+2=5'-এর ফর্মুলা। আসলে এই ছোট্ট ছবির বিরাট গুমোটটা আপনার মনে কম্পাসের কাজ করবে। নিজে ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন আপনি এই প্রশ্নের সামনে এনে আপনাকে দাঁড় করাবে। এবং আপনি জানেন প্রতিবিম্বের দিকে আঙুল তুললে তা আসলে নিজের দিকেই তোলা হয়। তাই এই ছবি আপনাকে শান্তি দেবে না। পিছু ছাড়বে না। দেওয়ালের দিকে আরও ঠেলে দেবে, যাতে আপনি এবার অন্তত ঘুরে দাঁড়াতে শেখেন।
( লেখার শুরুতে ও শিরোনামে ব্যবহৃত পংক্তিগুলি তামিল কবি রুদ্রমূর্তি চেরান-এর লেখা। বাংলায় অনুবাদ করেছেন শৌভিক দে সরকার।)
(বাবাক আনভারি ইরানের চিত্র পরিচালক। ১৯৮২ তে তেহরানে তাঁর জন্ম। শর্ট ফিল্মের জন্য তিনি BAFTA পুরস্কার পেয়েছেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো - 'Under the Shadow' , 'Wounds' । আমাদের আলোচ্য এই শর্ট ফিল্মটি তিনি ২০১১ সালে নির্মাণ করেন।)




Comments