লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব ২০২১
- Mar 9, 2021
- 2 min read
Updated: Mar 11, 2021
লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব ২০২১
গৌতম মণ্ডল, সম্পাদক, আদম

কলকাতা বইমেলা তো বটেই অন্যান্য বইমেলাতেও আমরা নিয়মিত যাই,কবিতা নিয়ে নানান পাগলামিতে মেতে
থাকি,স্টল দিই। একারণে বইমেলাগুলি আমাদের কাছে খুব প্রিয় একটা ব্যাপার। এবছর জানুয়ারি ফেব্রুয়ারিতে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা না হওয়ায় আমরা অনেকেই মুষড়ে পড়েছিলাম। তবে আমাদের ক্ষতে কিছুটা
মলমের কাজ করেছে লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব। তিনবছর পর ওকাকুরা ভবন-প্রাঙ্গণ থেকে
মেলা ফিরে এল পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রাঙ্গণে। লিটল ম্যাগাজিনের সম্পাদক এবং কবি ও লেখক
এমনকি পাঠকরা একারণে এবার খুব খুশি। খুশি, কেননা খুব সহজেই বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা যায়।
তাছাড়া এখানের পরিবেশ সাহিত্য সংস্কৃতির অনুকূল। এবার মেলায় আমন্ত্রণ জানানো থেকে স্টল বন্টন--
পুরো ব্যাপারটা খুব দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে সামলেছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি কর্তৃপক্ষ। স্টল
নির্মাণ এবং স্টল বিন্যাসও ছিল দেখার মতো। মেলায় ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এবার মেলায় একটা
প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।পাঁচটি তারার তিমির। এই পাঁচ তারা হলেন অলোকরঞ্জন দাশগুপ্ত,দেবেশ
রায়,সুধীর চক্রবর্তী, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং অরুণ সেন। প্রদর্শনীটি ছিল দেখার মতো। এটা দেখতে
অত্যন্ত অসুস্থ অবস্থাতেও এসেছিলেন নবতিপর শঙ্খ ঘোষ।

মেলার পাঁচদিনেই একতারা মুক্ত মঞ্চ,পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর ও জীবনানন্দ সভাঘরে ছিল নানান
ধরনের অনুষ্ঠান।কবিতাপাঠ,গল্পপাঠ,সেমিনার। মেলাটা যে কোনোভাবেই আকাদেমি নন্দন প্রাঙ্গণ ছাড়া অন্য কোথাও
সফলভাবে করা সম্ভব নয়,আশা করি,তা অনুধাবন করতে পেরেছেন আকাদেমি কর্তৃপক্ষ। তবে সবকিছুই যে
মসৃণভাবে হয়েছে তা পুরোপুরি বলা যায় না। সরকারের উদ্যোগে লিটল ম্যাগাজিন মেলা করার প্রস্তাব যিনি
প্রথম দিয়েছিলেন সেই সন্দীপদা,কলিকাতা লিটল ম্যাগাজিন মেলা লাইব্রেরি ও গবেষণাকেন্দ্রের প্রাণপুরুষ
সন্দীপ দত্তকে এবছর মেলাতে আমন্ত্রণ জানানো হয়নি। মেলা যখন আকাদেমি প্রাঙ্গণ থেকে ওকাকুরা ভবনে
চলে গেল সেসময় প্রায় সব সম্পাদকই এর বিরোধিতা করেছিলেন। প্রতিবাদীদের একটা অংশ মেলা বয়কট করে
অন্যত্র মেলা করার সিদ্ধান্ত নেন।বিগত তিনবছর তাঁরা অন্যত্র মেলা করেওছিলেন।কিন্তু এবছর যখন মেলা
আকাদেমি প্রাঙ্গণে ফিরে এল তখন সবাইকে আমন্ত্রণ জানানো হলেও এঁদেরকে-- যাঁরা মেলাটা ফিরিয়ে আনার
জন্য আন্দোলন করেছিলেন তাঁদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি কর্তৃক
আয়োজিত লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসবের একটা বড় আকর্ষণ পুরস্কার প্রদান।অনেকগুলি
বিভাগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়।এটাই রীতি। শুরুর দিন থেকে প্রতিবছর তা দেওয়া
হয়েছে।কিন্তু এবছর কোনো অজ্ঞাত কারণে সেগুলো দেওয়া হয়নি। তবে এসব সত্বেও মেলাটা যে আকাদেমি
প্রাঙ্গণে হয়েছে,তার জন্য আমরা প্রত্যেকে খুশি।আমরা চাই, আমাদের প্রাণের মেলা লিটল ম্যাগাজিন মেলা
প্রতিবছর এখানেই হোক-- আকাদেমি-নন্দন প্রাঙ্গণে।

Make a Donation
A/C: 40910100004585 IFSC Code:BARB0BUDGEB
Bank Name: Bank Of Baroda
Name in Bank: BHAAN





Comments